পরী কেন এত খুশি?

পরীমনিকে প্রশ্ন: কেন এত খুশি...পরীমনি। কাগজ কলম নিয়ে বসে আছেন। তাকিয়ে আছেন পাশে। আর তার গালভরা হাসি। এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ঢাকাই ছবির আলোচিত এ নায়িকা।
ক্যাপশনে লিখেছেন, হোয়াট’স গোয়িং অন? তবে কারণটা জানাননি!
বিষয়টি ফেসবুকে তার ইনবক্সেই জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি পাঠালেন আরও একটি ছবি। যেখানে তিনি বসে নয়, দাঁড়িয়ে আছেন। সামনে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের বেশ কয়েকটি প্যাকেট।

ছোট্ট করে লিখলেন, ‘অ্যাম্বাসেডর’।
পরীমনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘রং ফর্সকারী’ এই পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এ কারণে আগামী ২ বছর ইউনিলিভার বাংলাদেশের এই পণ্যটির বিজ্ঞাপনচিত্রসহ সমাজসেবামূলক কাজে তাকে দেখা যাবে।ছবিতেই পরীমনির উত্তরতিনি বললেন, ‘এর আগে দু-একজন অভিনেত্রী ফেয়ার অ্যান্ড লাভলির হয়ে বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে আমার দায়িত্ব একটু বেশি। কারণ, প্রথমবারের মতো বাংলাদেশি কোনও অভিনেত্রী হিসেবে এটার শুভেচ্ছাদূত হলাম আমি। আর প্রতিষ্ঠানটিও অনেক সামাজিক কাজ করে। যেটা আমিও করে আসছি। তাই তাদের হয়ে আরও বেশি এ ধরনের কাজে আমাকে পাওয়া যাবে।’
পরীমনি জানান, শিগগিরই তাদের হয়ে বিজ্ঞাপনে অভিনয় করবেন তিনি। এছাড়া বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে আজকেই (৪ ডিসেম্বর) চুক্তি হয়েছে পরীর। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা সাজু মুনতাসির, সাংবাদিক তামিম হাসানসহ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেএদিকে, পরী মাত্রই শেষ করলেন ওয়েব সিরিজ ‘প্রীতি’র। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ৩৫ মিনিট দৈর্ঘ্যের এই থ্রিলারটির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।

অন্যদিকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন পরীমনি।
‘শেষের কবিতা’ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ।