চলচ্চিত্রটিতে তাকে দেখা যাবে বাংলাদেশের একজন রকস্টারের চরিত্রে।
চলচ্চিত্রটিতে তিনি ছাড়াও অন্যতম দুটি চরিত্রে অভিনয় করছেন মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল।
বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আজব কারখানা’। গত ১৫ মার্চ থেকে নেত্রকোনার কেন্দুয়া, কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ চলছে।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, “আসলে আমি আমার দেখার বাইরে, অভিজ্ঞতার বাইরে কিছু বলি না। ‘আজব কারখানা’ আমার একটা দেখা অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা থেকে আমি সবসময় একটা ব্যাপার অন্বেষণ করেছি, সেটা হলো, কে আসলে শিল্পী? প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা? সে অন্বেষণের গল্পই ‘আজব কারখানা’।”
তিনি আরও বলেন, “পরমব্রত বুঝতেই দেয় না যে ও একজন বড়মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তার আন্তরিকতা ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমৎকার। দিনে দিনে ও যে আমার ‘রকস্টার’ হয়ে উঠছে এটাই আনন্দের বিষয়। চরিত্রটির সঙ্গে প্রতিনিয়ত দারুণভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আশা করি দর্শকের কাছেও তা ভালো লাগবে।”
নির্মাতা শবনম ফেরদৌসী জানান, চলচ্চিত্রটিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীত শিল্পীরা নিজ নিজ চরিত্রে অভিনয় করছেন।