আজ ও আগামীকাল (২৫ ও ২৬ অক্টোবর) কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা অনুষ্ঠিত হবে।
সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের নামে আয়োজিত এই মেলায় থাকছে ১৮টি স্টল। যেখানে শচীনের জীবনীসহ কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্ন সম্পদের পরিচিতি তুলে ধরা হবে।
নগরীর শচীন দেব বর্মণের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
আয়োজকরা জানান, মেলায় প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক।
শচীন দেব বর্মণ ১৯৭৫ সালের ৩১ অক্টোবরে মৃত্যুবরণ করেন।