এ সপ্তাহের ছবি

শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব-ফারিয়া, দুটিতে তিশা-পরমব্রত!

তিশা-পরমব্রত এবং ফারিয়া-শাকিবআজ (৬ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুটি চলচ্চিত্র। এগুলো হলো শাকিব খান-নুসরাত ফারিয়ার ‌‘শাহেনশাহ’। অন্যটি তিশা-পরমব্রত অভিনীত যৌথ প্রযোজনার ‘হলুদবনি’।
এরমধ্যে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
অপরদিকে মাত্র দুটি হলে আসছে ‘হলুদবনি’! যার কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার অভিনেতা পরমব্রত ও পাওলি দাম। দুই প্রেক্ষাগৃহে এটি আসার বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত। এর পরিচালকরা হলেন যৌথভাবে বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত। ছবির অপর প্রযোজক ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

এটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেওয়া হলো।
হলুদবনি:

অন্যদিকে নানা বিতর্ক পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’।
গতকাল (৫ মার্চ) বিকালে শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম জানান, ছবিটির জন্য শতাধিক প্রেক্ষাগৃহ প্রস্তুত রয়েছে।
এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। চলচ্চিত্রটি প্রসঙ্গে ফারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবশেষে এটি মুক্তি পাচ্ছে, এতেই আমি খুশি। এটা আমার জন্য চ্যালেঞ্জও যে, এক বছরের পুরনো ছবি দর্শকরা কীভাবে নেবেন! তবে আশা করি, এটার ইতিবাচক সাড়া পাবো।’
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, আহম্মেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন প্রমুখ।
শাহেনশাহ: