সম্প্রতি সাংবাদিক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে ছেলে ও স্ত্রী প্রসঙ্গে কথা বলেছেন সাইফ। ৪৯ বছর বয়সী এই অভিনেতার কাছ থেকে তৈমুরের সব ভিডিও কব্জা করে রাখেন বেবো! সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো শেয়ার করা বারণ।
এরমধ্যে একটি চমৎকার ভিডিওর বিবরণ দিয়েছেন সাইফ। এতে দেখা যায়, দরজার হাতল ও জানালা পরিষ্কার করছে তৈমুর। তখন তাকে বাবা প্রশ্ন করেছিলেন, ‘কী করছো?’ তৈমুরের উত্তর ছিল, ‘ক্লিনিং!’ কিন্তু তার মা কোনোভাবেই সেই ভিডিওটি প্রকাশ করতে দেন না।
সাইফের কথায়, ‘আমার মনে হয় তৈমুরের জনপ্রিয়তা নিজের কাজে যেন ব্যবহার না হয় সেদিকে খুব সচেতন থাকে কারিনা। সেটা কখনও চেষ্টা করেনি সে এবং আমাকে তা করতে দেবে না।’
লকডাউনে তৈমুরই সাইফিনার কাছে আনন্দের উৎস। সাইফের কথায়, ‘আমরা ওর আশপাশে আছি বলে সে বেজায় খুশি। আমরা ওকে আনন্দে রাখি। এ কঠিন সময়ে আমাদের অফুরান আনন্দের উৎস তৈমুর।’
ইনস্টাগ্রামে সাইফ ও তৈমুরের ছবি নিয়মিত শেয়ার করেন কারিনা। গত রবিবার খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে ছেলের নতুন ছবি পোস্ট করেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। এতে ‘ইস্টার বানি’ সেজেছিল সে।