গতকাল (১১ নভেম্বর) পশ্চিমবঙ্গের বেলভিউ হাসপাতালে তার গলায় ট্র্যাকিওস্টমি (শ্বাস নেওয়ার বিকল্প পাইপ) বসানো হয়েছে। এর মাধ্যমে এখন থেকে শ্বাস নিতে পারবেন এই অভিনেতা।
আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্রকে। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
অস্ত্রোপচারের পর গতকাল রাতেই স্বাস্থ্য বুলেটিনে তার শারীরিক অবস্থা জানায় বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, এদিন দীর্ঘ সময় ধরে ট্র্যাকিওস্টমি করা হয়েছে ৮৫ বছর বয়সী এই অভিনেতার গলায়।
সৌমিত্রের হেমাটোলজি সংক্রান্ত একাধিক সমস্যাও রয়েছে। রক্তে অণুচক্রিকার পরিমাণ বেশ কম, অন্যান্য সমস্যাও রয়েছে। তবে ট্র্যাকিওস্টমি করার কারণে যে রক্তক্ষরণ হয়েছিল তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানায় চিকিৎসকরা।
এদিকে জানানো হয়, এই অপারেশন সফল হওয়ায় দ্রুত সৌমিত্রের উন্নতি ঘটবে। আজ (১২ নভেম্বর) অভিনেতাকে আবারও প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক দল জানায়, ‘অভিনেতার শারীরিক অবস্থা যথেষ্ট ইতিবাচক। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেতনা আরও দ্রুত ফিরবে।’
তবে সবকিছু মিলিয়ে উপমহাদেশের প্রশংসিত এ অভিনেতাকে আরও দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা। মাঝে শারীরিক অবস্থার বেশ কয়েকবার অবনতি হলেও এখন উন্নতির পথে।
সূত্র: হিন্দুস্তান টাইমস