অভিনেত্রী অপর্ণার বিয়ে

অপর্ণা ঘোষদীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। পাত্রের নাম শত্রুজিৎ দত্ত। জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শত্রুজিতের পরিবারের সদস্যরা। ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদসহ বেশ কয়েকজন।
ইরফান সাজ্জাদের মাধ্যমে বাংলা ট্রিবিউন বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে এ বিষয়ে অপর্ণা ঘোষের কোনও মন্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, ১০ ডিসেম্বর হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

Alhamdulillah!!!! Finally!! It’s happening !!Congratulations Aparna and Satrajit Dutta !!! ♥️♥️♥️♥️♥️

Posted by Irfan Sajjad on Monday, December 7, 2020

২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এই আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি।
তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সব ক্ষেত্রেই সরব রয়েছেন এখনও।
তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘রূপনগর’, ‘জীবনের ছোট ছোট ঢেউ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘হাউসফুল’, ‘ঠুয়া’, ‘৪২০’, ‘বন্ধন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ঠেলাগাড়ি’ প্রভৃতি।