উপস্থাপনায় একসঙ্গে প্রথম বাপ্পা-তানিয়া দম্পতি

তানিয়া হোসাইন, দেশের প্রশংসিত দু’চারজন প্রফেশনাল উপস্থাপকের মধ্যে অন্যতম। যদিও সংসার-সন্তানের জন্য মাঝের দুই বছর প্রায় অনুপস্থিত।

বিপরীতে দেশের অন্যতম পেশাদার সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকেও দেখা যায় উপস্থাপনায়। যদিও সেটি কালে-ভদ্রে সংগীতনির্ভর টিভি অনুষ্ঠানে।

এবারই প্রথম এই তারকা দম্পতি একসঙ্গে বসছেন উপস্থাপক বা সঞ্চালকের আসনে। ভালোবাসা দিবস উপলক্ষে ‘ম্যাটার অব লাভ’ নামের একটি বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করবেন দু’জনে। যেখানে তাদের অতিথি হয়ে থাকছেন এফএস নাঈম-নাদিয়া আহমেদ, মাসুমা রহমান নাবিলা-জোবায়দুল হক রিম এবং ইরফান সাজ্জাদ-শারমিন সাজ্জাদ দম্পতি।

সোহেল রানা বিদ্যুতের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে ৪০ মিনিট ব্যাপ্তির ‘ম্যাটার অব লাভ’ অনুষ্ঠানটি। যেখানে বাপ্পা-তানিয়া দম্পতির সঞ্চালনায় উঠে আসবে অন্য তিন দম্পতির ভালোবাসার গল্প।

নির্মাতা বিদ্যুৎ বলেন, ‘বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন বিয়ের পর এই প্রথম কোনও টিভি শোতে এলেন। তাও আবার প্রথমবারের মতো উপস্থাপনা করলেন। এটা আমার জন্য গর্বের বিষয়। আমরা চেষ্টা করেছি আড্ডার ছলে অতিথি দম্পতিদের কাছ থেকে পরস্পরের প্রথম দেখা, মন দেয়া-নেয়া- এসব বিষয় তুলে আনতে। দাম্পত্য জীবনের বিভিন্ন সিক্রেট অকপটে বলেছেন তারা। আমার বিশ্বাস এই ভালোবাসা দিবসে টিভি অনুষ্ঠানের মধ্যে সেরা চমক থাকছে এই আয়োজনটিতে।’

শুটিং সেটে উপস্থাপক ও অতিথি দম্পতিঅনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের পর্দার প্রচার হবে।

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের ২৩ জুন। তাদের একমাত্র সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা জন্ম নেয় ২০১৯ সালের ১৮ ডিসেম্বর।