চলচ্চিত্রকার ইসমাইল হোসেনের জীবনের গল্প

চলচ্চিত্র ও সাহিত্য জীবনের গল্প শোনালেন আশি-নব্বই দশকের স্বনামধন্য লেখক-চলচ্চিত্রকার ইসমাইল হোসেন। যা প্রচার হবে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় শো ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

‘কাননে নিহত কুসুম’, ‘সতীদহন’, ‘র’, ‘লালবাগ থেকে লাসভেগাস’, ‘১৯৭৫’, ‘গরম ভাতের দেশ’ ইসমাইল হোসেনের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। আশির দশকের শেষভাগে চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন তিনি। নির্মাণ করেন ‘কাঁদে নদী কাঁদে মানুষ’, ‘শবমেহের’, ‘মুক্তি, ‘জলদাস’ শিরোনামের আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার মধ্যে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘শবমেহের’ বিশেষভাবে আলোচিত হয় তখন।

এরপর ‘প্রেম শুধু প্রেম’ শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন ইসমাইল হোসেন।

১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই লেখক-নির্মাতা। যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে নানা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ‘লিটল বাংলাদেশ’, ‘বাংলার বিজয় বহর’ সংগঠনের অন্যতম উদ্যোক্তা তিনি।

মাছরাঙা টিভির কর্মকর্তাদের সঙ্গে ইসমাইল হোসেন (বাঁদিক থেকে ২য়)সম্প্রতি তিনি দেশে ফিরে নিজের অতীত গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনার ঝাঁপি খুলে বসেছেন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। এতে অংশ নেওয়া প্রসঙ্গে ইসমাইল হোসেন বলেন, ‌‌‘মাছরাঙা টিভি আমাকে ডেকে বেশ সম্মানিত করেছে। অনুষ্ঠান রেকর্ডিং শেষে পুরো টেলিভিশন সেন্টারের স্টুডিও এবং অনএয়ারের সব শাখা ঘুরিয়ে দেখালেন নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। সব মিলিয়ে মাছরাঙার রাঙা সকাল আমার মন রাঙিয়ে দিলো।’

সম্প্রতি ধারণকৃত ‘রাঙা সকাল’ অনুষ্ঠানটি প্রচার হবে ১২ জুন সকাল ৭টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কিবরিয়া ও নন্দিতা। প্রযোজনায় রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।