শাকিবের জন্য গান বাঁধলেন দুই বাংলার জীবন-ইন্দ্রদীপ 

পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। অন্যদিকে বাংলাদেশের অন্যতম সফল গীতিকবি রবিউল ইসলাম জীবন। দু’জনে এবার কথা-সুরের ফুল নিয়ে একই সুতোয় হাত দিলেন। উদ্দেশ্য দেশের প্রধান নায়ক শাকিব খানের জন্য দুটো গানের মালা তৈরি করা।  

করেছেনও তা-ই। এরমধ্যে একটি গানে কণ্ঠ দেবেন পিন্টু ঘোষ ও ন্যানসি। অন্য গানটির শিল্পী এখনও চূড়ান্ত হয়নি। আর দুটো গানই ব্যাবহার হচ্ছে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিতে।

গানের চূড়ান্ত রেকর্ডিং বাকি থাকলেও সিনেমার শুটিং এরইমধ্যে শেষ! রবিউল ইসলাম জীবন জানান, গান দুটোর ডেমো ভার্সন দিয়ে শুটিং শেষ হয়েছে ইতোমধ্যে। চূড়ান্ত রেকর্ড হলে সেটির অডিও জুড়ে দেওয়া হবে। এমন ঘটনা অবশ্য নতুন নয়, সিনেমার ক্ষেত্রে সচরাচর ঘটে।  
 
জীবন বলেন, ‘ইন্দ্রদীপ দা টলিউডের ভীষণ গুণী একজন সংগীতকার। তার সঙ্গে কাজ করতে পারা আনন্দের। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে গান দুটি করতে গিয়ে। আমার বিশ্বাস, এই দুটি গান আমার ক্যারিয়ারে অন্যতম হয়ে থাকবে।’

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।