ভারতের টিভি অনুষ্ঠান বিগ বসের সিজন ১৩-এর বিজয়ী অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। এরপর আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। এতে নায়িকা আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেন তিনি।
‘সাবধান ইন্ডিয়া’ ও ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর মতো রিয়্যালিটি শো-তেও সঞ্চালক হিসেবে বেশ কিছু দিন কাজ করেছিলেন সিদ্ধার্থ। তবে তিনি সবচেয়ে আলোচনায় আসেন ২০১৯ সালে ‘বিগ বস’র ১৩তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে তার ব্যক্তিত্ব খুব জনপ্রিয়তা পায়। এই শো’র সুবাদেই সহ-প্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে সিদ্ধার্থের। নেটিজেনরা তাদের একসঙ্গে ‘সিডনাজ’ বলে ডাকতেন।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্ম হয় সিদ্ধার্থ শুক্লার। মডেলিং দিয়েই পা রেখেছিলেন বিনোদন জগতে। ২০০৪ সালে টেলিভিশনে হাতেখড়ি এবং ২০০৮ সালে তিনি অভিনয় শুরু করেন। এদিকে, তার মৃত্যুতে বলিউড ও টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
সূত্র: এনডিটিভি