শততম পর্বে আহসান আলমগীরের ‘মেহমান’

শততম পর্বের মাইলফলক ছুঁতে যাচ্ছে জনপ্রিয় নাট্যকার আহসান আলমগীরের ‘মেহমান’। নাটকটি প্রচার হচ্ছে এনটিভিতে।

৮ নভেম্বর (সোমবার) রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এর শততম পর্ব। নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার একই সময়ে প্রচার হচ্ছে। এরমধ্যে এটি পেয়েছে ভালো জনপ্রিয়তা।

২০০৫ সালে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘রঙের মানুষ’ ধারাবাহিকের পর এবারই প্রথম এনটিভিতে গ্রামের পটভূমিতে ‘মেহমান’ নাটকটি প্রচার করছে বলে জানান নাট্যকার আহসান আলমগীর। নাটকটি পরিচালনা করছেন আল হাজেন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, আমিরুল হক চৌধুরী, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, নাজিয়া হক অর্ষা, আরফান আহমেদ, সাজু খাদেম, ডা. এজাজ, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, কল্যাণ কোরাইয়া, নওশাবা আহমেদ, মাজনুন মিজান, জয়রাজ, মাহমুদুল ইসলাম মিঠু, শেলী আহসান, অবিদ রেহান, তাহমিনা ইসলাম মৌ, মৃণাল দত্ত, সাজ্জাদ সাজু, তানভীর, সঞ্জিব আহমেদ, আনোয়ার প্রমুখ।

এত ধারাবাহিকের ভিড়ে এই ধারাবাহিকটি দর্শক গ্রহণ করার কারণ কী—এমন প্রশ্নের জবাবে আহসান আলমগীর বলেন, ‘বিয়ে বাড়িতে বরযাত্রী বেশি এসেছে, এই অভিযোগে বিয়ে ভেঙে যায়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু নাটকটির গল্প। নাটকের পরের ঘটনাগুলো আমাদের আশপাশের মানুষের দেখা। জীবন-ঘনিষ্ঠ ঘটনাগুলোকে বাস্তবতার সঙ্গে মিল রেখে হাস্য-রসাত্মকভাবে দর্শকের সামনে তুলে ধরার কারণে মানুষ নাটকটি খুব আগ্রহ নিয়ে দেখছেন। কারণ, নাটকে দর্শকরা নিজেকে দেখতে চায়।’

আহসান আলমগীর রচিত আরও দুটো ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে একুশে টিভি ও বৈশাখী টিভিতে। প্রতি মঙ্গল ও বুধবার রাত ১০টায় একুশে টিভিতে ‘চির কুমারী ক্লাব’ এবং প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে পুনঃপ্রচার হচ্ছে মেগা ধারাবাহিক ‘কমেডি ৪২০’।

একটি দৃশ্যে ডাঃ এজাজ ও শামীমা নাজনীনআহসান আলমগীর রচিত দেশের উল্লেখযোগ্য চ্যানেলগুলোতে প্রচার হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে—‘ঘোড়ার ডিম’, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘ঘটক বাকী ভাই’, ‘চার কন্যা’, ‘বউয়ের দোয়া পরিবহন’, ‘জামাই বাজার’, ‘শিয়াল বাড়ি’, ‘নানান রঙ্গের মানুষ’, ‘বাটপার আনলিমিটেড’, ‘একদিন ছুটি হবে’, ‘আজ কিছু হতে চলেছে’সহ ৩৬টি ধারাবাহিক। এছাড়াও প্রায় ২৫০টি একক নাটক ও টেলিছবি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে তার লেখা। বর্তমানে দুটো ধারাবাহিক নাটক ও ঈদের জন্য নির্মিতব্য বিশেষ নাটক লেখা নিয়ে ব্যস্ত রয়েছেন আহসান আলমগীর।