টলিউডে চমকের গান (ভিডিও)

অঙ্ক ভাইয়া, গণিত বিস্ময়, গণিতবিদ কিংবা ইউটিউবার- এমন অনেক বিশেষণে নতুন প্রজন্মের কাছে পরিচিত চমক হাসান। 

গানে, ছন্দে আর মজায় গণিতের সূত্র বলায় ভীষণ জনপ্রিয়তা পান এই মানুষটি। প্রকৌশলী হিসেবে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের বোস্টন সাইন্টিফিকে।

তার ফাঁকে ফাঁকেই স্ত্রী ফিরোজা বহ্নি, সন্তান বর্ণমালা ও পরশমণিকে নিয়ে গান বেঁধে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তাদেরই শোনা যাবে টলিউডে।

ভারতের উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘বাবা বেবি ও’-র দু'টি গানের কাজ করেছেন চমক। যার একটি ইতোমধ্যে অনলাইনে অবমুক্ত হয়েছে। নাম- ‘এই মায়াবী চাঁদের রাতে’। বরং বলা যায়, চমকের ঘর-সংসার নিয়ে তৈরি পুরনো এ ‌গানটিই ব্যবহার করা হয়েছে ছবিতে। 

চমক ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে এটি গেয়েছেন কলকাতার ঈক্ষিতা ও হেমলতা। যা শোনা গেছে যিশুর ঠোঁটে। 

গান দুটি প্রসঙ্গে চমক হাসান বলেন, ‘‘প্রথম গানটিতে বড় মেয়ে বর্ণমালা গেয়েছে আমার সঙ্গে। আমার দ্বিতীয় গানটিও বাবা সংক্রান্ত। এটি শেষ করার পর জানতে পারলাম, আমি দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছি! তারপরই জন্ম নিলো ছোট মেয়ে পরশমণি। ওর এখন বয়স ৬ মাস। ছবির ‘বাবা’র জন্য গান বানাতে বানাতে নিজেই বাবা হয়ে যাওয়ার অভিজ্ঞতা বলে বোঝানোর নয়!’’

গানটি লিখেছেন চমক ও বহ্নি। সুর-সংগীত করেছেন চমক নিজেই। জানা যায়, ‘বাবা, বেবি, ও’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি।

ভিডিও: