‘মন্দার’র পর সিনেমা নির্মাণে অনির্বাণ

‘মন্দার’ দিয়ে ওয়েব দুনিয়ার মন জয় করে নিয়েছেন ভারতীয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শুধু অভিনয় নয়, ক্যারিশমা দেখিয়েছেন পরিচালনা দিয়ে। নির্মাণে নতুন মাত্রা দেওয়ায় প্রশংসিত হয়েছেন সব জায়গায়। এবার এই অভিনেতার পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়।

আজ (২৭ ফেব্রুয়ারি) কলকাতার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) প্রকাশ করেছে তাদের আট ছবির মুক্তির তারিখ। যেখানে আছে অনির্বাণ পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’।

অন্য ছবিগুলো ফেলুদা সিরিজের ‘হত্যাপুরী’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’, অরিন্দম শীলের ‘খেলা যখন’ ও ‘ব্যোমকেশ’।

এরমধ্যে ‘হত্যাপুরী’ ছবিতে ফেলুদা চরিত্রেও দেখা যেতে পারে অনির্বাণকে। এটি মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। আর  ‘বল্লভপুরের রূপকথা’ আসবে ২১ অক্টোবর।

‘বল্লভপুরের রূপকথা’ ছবি প্রসঙ্গে অনির্বাণ বলেন, ‘‘আমি সবসময়ই হরর কমেডি বা স্যাটায়ারের ভক্ত। ‘বল্লভপুরের রূপকথা’ একটা মন ভালো করা ছবি হবে। তবে এর মধ্যে চমক থাকবে। আমার শেষ কাজ (মন্দার) মানুষের অন্ধকার দিকটা তুলে ধরেছে, এবার কিন্তু একদম উল্টো।’’ 

বাদল সরকারের বিখ্যাত নাটক ‘বল্লভপুরের রূপকথা’ থেকেই ছবিটি তৈরি হবে। রাজবাড়ির দুই চরিত্র, রায় পরিবারের শেষ উত্তরাধিকারী ভূপতি রায় এবং তার ভৃত্য মনোহরকে ঘিরে এই ছবির চিত্রনাট্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস