নাক ফোঁড়ালেন নায়িকা পূজা চেরী। অনেকেই ভেবেছেন, এই বুঝি বিয়ের ফুলটা ফুটলো!
সেই ভাবনায় জল ঢেলে দিলেন নায়িকা। জানান, বিয়ে নয় নতুন ছবি ‘নাকফুল’র জন্য তার এই কাণ্ড। সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে ভক্ত অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারও করলেন তিনি।
বললেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’
শুরুতে বেশ মজা করে বলেন, ‘ভুল করে থাকলে সবাই মাফ করে দিও। বেশ ভয়ে আছি, কী হয়!’
জানতে চাইলে এই তারকা জানান, ‘নাকফুল’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। রবিবার (৩ এপ্রিল) থেকে এর কাজ শুরু হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যেহেতু নাকফুল নিয়েই এর গল্প তাই কৃত্রিম কোনও উপায়ে না গিয়ে একেবারের ফুটো করেছেন নাকটা।
ফেরারী ফরহাদের চিত্রনাট্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মাণ করছেন আলোক হাসান।