কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠবে জোম্বি নির্ভর একটি সিনেমার মধ্য দিয়ে। এর নাম ‘ফাইনাল কাট’। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের মিশেল আজানাভিসুস। প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত হয়েছে এই সিনেমা।
করোনার আগে ২০১৯ সালে আমেরিকান নির্মাতা জিম জারমাশের জোম্বিকেন্দ্রিক কমেডি ‘দ্য ডেড ডোন্ট ডাই’ প্রদর্শনীর মধ্য দিয়ে ‘সিনেমার অলিম্পিক’ হিসেবে পরিচিত কান উৎসবের উদ্বোধন হয়।
আবারও জোম্বি কমেডিকে উদ্বোধনী সিনেমার সম্মান দেওয়া প্রসঙ্গে কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁর ব্যাখ্যা, ‘এটি সিনেমার প্রতি আবেগ জাগিয়ে তোলে।’ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের শ্যঁজেলিজির ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে তিনি এই মন্তব্য করেন। এখানে কানের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন তিনি। তার সঙ্গে ছিলেন উৎসবটির বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর। কানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সংবাদ সম্মেলনটি সরাসরি দেখানো হয়।
২০১১ সালের কান উৎসবে মিশেল আজানাভিসুসের নির্বাক সিনেমা ‘দ্য আর্টিস্ট’ সেরা পরিচালক ও সেরা অভিনেতা পুরস্কার জেতে। সিনেমাটির সুবাদে অস্কারে সেরা পরিচালক হন ফরাসি এই নির্মাতা।
আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে ৭৫তম কান উৎসব। ১২ দিনের এই আয়োজনে লালগালিচায় উন্মাদনা ছড়াবেন হলিউড হেভিওয়েট টম ক্রুজ এবং টম হ্যাঙ্কস। প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ এবং টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’। একই শাখায় থাকছে ‘ম্যাড ম্যাক্স’ সৃষ্টি করা অস্ট্রেলিয়ার জর্জ মিলারের ‘থ্রি ইয়ারস অব লংগিং’। এতে দেখা যাবে ইড্রিস অ্যালবা ও টিল্ডা সুইনটনকে।
ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবারের উৎসবে রুশ প্রতিনিধিরা নিষিদ্ধ থাকবে বলে গত মার্চে ঘোষণা দেয় আয়োজকরা। তবে প্রতিযোগিতা শাখায় জায়গা পেয়েছে রাশিয়া থেকে নির্বাসিত পরিচালক কিরিল সেরেব্রেনিকভের “চাইকোভস্কি’স ওয়াইফ”। তিনি বরাবরই এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন। স্পষ্টবাদী হওয়ায় পুতিন সরকার তাকে কয়েক বছর গৃহবন্দি রেখেছিল।
অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া নবাগত পরিচালকদের মধ্যে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’ রয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়। সম্প্রতি ডনবাস অঞ্চলে সিনেমাটির শুটিং হয়েছে। এর গল্প ইউক্রেনিয়ান এক তরুণীকে কেন্দ্র করে। বন্দি হওয়ার পর সে স্বদেশে ফিরে আসে, তারপর বন্দি বিনিময়ে মুক্তি পায়।
স্পেশাল স্ক্রিনিংস শাখায় জায়গা পেয়েছে ইউক্রেনের সার্গেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’। তার ছবি নিয়মিতভাবে কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়ে এসেছে।
নেটফ্লিক্সের সাড়া জাগানো সিরিজ ‘স্কুইড গেম’ তারকা লি জং-জে পরিচালিত প্রথম সিনেমা ‘হান্ট’ নির্বাচিত হয়েছে মিডনাইট স্ক্রিনিংস শাখায়। আশির দশকের প্রেক্ষাপটে থ্রিলার গল্পটি কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিকল্পনার একজন এজেন্টকে কেন্দ্র করে। সে উত্তর কোরিয়ার একজন গুপ্তচরকে আবিষ্কার করে। সিনেমায় লি জং-জে অভিনয়ও করেছেন।
ওটিটি প্ল্যাটফর্মের আগে সিনেমা হলে চলচ্চিত্র মুক্তি দিতে কানের শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। যদিও ওটিটি প্ল্যাটফর্মের জন্য উদার হওয়ার ইঙ্গিত দিয়েছেন থিয়েরি ফ্রেমোঁ। তার মন্তব্য, নেটফ্লিক্সকে বোঝানোর চেষ্টা করতে হবে। তিনি বলেন, ‘এটা পরিষ্কার, আমাদের সবারই এই নতুন ধরনের পরিবেশনা ও প্রযোজনার অস্তিত্বকে স্বীকার করতে হবে। আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের সংলাপ বজায় রাখা দরকার।’
বিশ্বের বিভিন্ন দেশে সিনেমা হলে দর্শকদের ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। থিয়েরি ফ্রেমোঁ বলেন, ‘আশা করি, দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনার ক্ষেত্রে কান উৎসব একটি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করবে। তবে এখন খুব বেশি দর্শক সমাগম নেই এবং কিছু দেশে সিনেমা নিয়ে আগ্রহ কমে যাওয়ায় হল মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।’