প্রয়াত কিংবদন্তিদের নিয়ে গানের অনুষ্ঠান

রোজার ঈদে দীপ্ত টিভি গানের বিশেষ আয়োজন করতে যাচ্ছে। যেখানে ৭ দিনে পরিবেশন করা হবে প্রয়াত কিংবদন্তিদের সৃষ্টিকর্ম।

‘নক্ষত্রের গান’ শিরোনামের এ অনুষ্ঠানে থাকছে সাত জন বিখ্যাত শিল্পীর গান। তারা হলেন শাহনাজ রহমত উল্লাহ, লাকী আখান্দ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, আলাউদ্দীন আলী ও খালিদ হাসান মিলু।

তাদেরকে ট্রিবিউট করে গানগুলো গাইবেন বর্তমান প্রজন্মের শিল্পীরা। এদের মধ্যে আছেন- অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি। 

প্রতি পর্বে একজন করে উপস্থাপকের সঞ্চালনায় বর্তমান সময়ের দুই জন জনপ্রিয় শিল্পী গাইবেন। উপস্থাপকদের মধ্যে আছেন- সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর ও ইসমত জেরিন চৈতি।  

দীপ্ত টিভি জানায়, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। ঈদের সাত দিন বিকালে আয়োজনটি সম্প্রচারিত হবে।