প্রথম বিশ্বযুদ্ধের বিস্মৃত সেনেগালিজ সৈন্যদের কথা

প্রথম বিশ্বযুদ্ধে সেনেগালের পদাতিক সৈন্যরা অনেকটা বিস্মৃত। ফ্রান্সকে স্বাধীন করার জন্য রণাঙ্গনে যেতে মাতৃভূমি ছাড়তে বাধ্য করা হয়েছিল তাদের। সেই গল্প নিয়ে নির্মিত ‘ফাদার অ্যান্ড সোলজার’ ৭৫তম কান উৎসবের আঁ সাঁর্তে রিগা শাখার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। 

আগামী ১৮ মে পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে এর উদ্বোধনী প্রদর্শনী হবে। 

চিত্রগ্রাহক ম্যাথিউ ভ্যাডেপাইড পরিচালিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফাদার অ্যান্ড সোলজার’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সি, আলাসান ডিয়ঙ্গ ও জোনাস ব্লকেত।

ফ্রান্স ও সেনেগালে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। এর গল্প ১৯১৭ সালে ফ্রান্স সেনাবাহিনীতে তালিকাভুক্ত হওয়া বাকারি দিয়ালো এবং তার ১৭ বছর বয়সী ছেলে টিয়েরনোকে কেন্দ্র করে। বাবা-ছেলে একসঙ্গে রণাঙ্গনে শত্রুকে মোকাবিলা করতে বাধ্য হয়। ছেলেকে যুদ্ধ থেকে সরিয়ে নিরাপদে ও সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে জীবনবাজি রাখে বাকারি।

আঁ সাঁর্তে রিগা শাখায় বিচারকদের প্রধান থাকছেন ইতালিয়ান অভিনেত্রী ভালেরিয়া গলিনো। তার নেতৃত্বে বিচারকের আসনে বসবেন পোলিশ অভিনেত্রী ইওয়ান্না কুলিগ, ভেনেজুয়েলার অভিনেতা এদগার রামিরেজ, আমেরিকান পরিচালক ডেব্রা গ্রানিক এবং ফরাসি সংগীতশিল্পী-অভিনেতা বেঞ্জামা বিয়োলে।

আগামী ১৭ মে কান উৎসবের পর্দা উঠবে। এবারের আসরে আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ২০টি ছবি। এর মধ্যে ৯টি পরিচালনা করেছেন নারীরা। আট জন পরিচালকের প্রথম কাজ স্থান পেয়েছে এতে। আগামী ২৭ মে আঁ সাঁর্তে রিগার পুরস্কার বিতরণ করা হবে। এর পরদিন ৭৫তম কানের পর্দা নামবে।

আগামী ২৮ মে সমাপনী আয়োজনে স্বর্ণপামজয়ী ছবির নাম ঘোষণার আগে কয়েকটি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ক্যামেরা দ’র। অফিসিয়াল সিলেকশন এবং প্যারালাল সেকশনে নির্বাচিত নবাগত পরিচালকদের প্রথম ছবির মধ্য থেকে বিজয়ী বেছে নিতে বিচারকদের প্রধান হয়েছেন স্প্যানিশ অভিনেত্রী রসি দে পালমা। তার নেতৃত্বে বিচারক থাকবেন বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, ফিল্ম প্রফেশনাল ও সাংবাদিকরা।