সাব্বিরের সুরে রাশেদের গান

একই রিয়েলিটি শো থেকে দুজনের উত্থান। সোজা ভাষায় চট্টগ্রাম থেকে ঢাকায় পাড়ি জমান একসঙ্গে। এরপর গত ১৬ বছর প্রায় একসঙ্গে পথচলা।

সুখবর হলো অনেক দিন পর দুজনের গান এলো একসঙ্গে। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন উন্মুক্ত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। 

রাশেদ বলেন, ‘গানটির কথাগুলো মনে রাখার মতো। কথার সঙ্গে সমন্বয় করে দারুণ সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি চিত্রকল্প দেখতে চায়, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’

রাশেদ-সাব্বির দুজনেই বর্তমানে নিয়মিত স্টেজ শো ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তারা।