বাপ্পা-তাহসানকে নিয়ে জয়ের গান

বাপ্পা, তাহসান এবং জয়। শহুরে শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় নাম। তিন জনেরই গানের ধরন প্রায় কাছাকাছি। কথায় কাব্যময়তা, সুর-সংগীতে মেলো রক আর গায়কিতে সবলীল।

যথাক্রমে বাপ্পা, জয় ও তাহসানএবারই প্রথম তিনজনে এক হলেন। তৈরি করলেন নতুন গানের অ্যালবাম। নাম ‘বলছি শোনো’। প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে এটি প্রকাশ পাচ্ছে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে। অ্যালবামের সব গানের সুর জয় নিজে করলেও প্রত্যেক শিল্পীর দুটি করে গান থাকছে অ্যালবামে।

অ্যালবাম প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘আমাদের তিনজনেরই গানের শ্রোতা প্রায় কাছাকাছি। আবার তিনজনেরই গানের আলাদা বৈশিষ্ট্য আছে। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে ছিল প্রিয় দুই শিল্পীর জন্য নিজের সুরে গান করার। সব মিলিয়ে চেষ্টা করেছি নিজেদের রুচি বজায় রেখে কিছু ভালোবাসার গান তৈরির।’ 

‘বলছি শোনো’ অ্যালবামটিতে গান লিখেছেন জয় শাহরিয়ার, শাহান কবন্ধ, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর এবং সোমেশ্বর অলি। এটি এ সপ্তাহেই ফিজিক্যালি ও ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে বলে জানান সিএমভি’র প্রধান এসকে শাহেদ আলী।

/এস/এমএম/