‘ন ডরাই’ ছবির কথা সবারই জানা, সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। যা দর্শক মুগ্ধতা পেরিয়ে জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬টি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। ২০১৮-১৯ সালে ছবিটি নির্মাণ করেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর অতিক্রম করে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দারুণ খবর দিলো দেশের সবচেয়ে বড় এই মাল্টিপ্লেক্স চেইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি একসঙ্গে ৪টি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এসকেএস টাওয়ার (মহাখালী) শাখায় আয়োজিত বর্ণাঢ্য জন্মোৎসবে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান। তিনি বলেন, ‘‘বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। মনে পড়ে ২০১৮ সালের কথা। তখন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের মতো করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না। সেই হতাশা থেকেই ‘ন ডরাই’ ছবিটি নির্মাণ করেছি। এবং দারুণভাবে সফল হয়েছি। আফসোস, এরপরই মহামারির কবলে পড়ি। আমাদের হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের সিনেমাও জেগে উঠেছে। সেই আনন্দের রেশ ধরে এই শুভদিনে জানাতে চাই, আমরা ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। স্ক্রিপ্ট চলছে। আশা করছি, আসছে বছরে অন্তত ৩টি সিনেমা আমরা আপনাদের উপহার দিতে পারবো। কারণ, বাংলা সিনেমার এই হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে।’’
এসময় মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’ টিম (রায়হান রাফী, সিয়াম আহমেদ, মীম প্রমুখ) উপস্থিত ছিলো। আরও ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ আজমেরী হক বাঁধন, ‘ন ডরাই’ সুনেরাহ বিনতে কামাল, ‘বিশ্বসুন্দরী’ চয়নিকা চৌধুরী, ‘অপারেশন সুন্দরবন’ দীপংকর দীপন, ‘চাদর’ সাইমনসহ অনেকেই।
২০০৪ সালের এই দিনে (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সে প্রথম শাখার যাত্রা হয়। গত ১৮ বছরের প্রতিষ্ঠানটি আরও শাখা খুলেছে রাজধানীর ধানমন্ডি, মহাখালী, বিজয় সরণি ও মিরপুরে।