কবীর সুমনের আধুনিক গানে কম-বেশি সবারই মুগ্ধতা। কিন্তু তিনি নিজে মুগ্ধতা খুঁজে পেয়েছেন বাংলা খেয়ালে। তার মতে, খেয়াল গাওয়ার জন্যই তার জন্ম হয়েছে। যদিও সংগীতের এই ধারা খুব একটা জনপ্রিয় নয় কিংবা তিনিও ‘কথিত’ সাফল্য পাননি; এরপরও খেয়ালের প্রতি তার আবেগ সর্বোচ্চ।
সেই আবেগের কয়েক ছটা ছিটিয়ে দিলেন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে বসেছে কবীর সুমনের বাংলা খেয়াল অনুষ্ঠান। সেখানেই নিজের সৃষ্টি করা খেয়াল পরিবেশন করেছেন তিনি। একইসঙ্গে শুনিয়েছেন এই সংগীত সংশ্লিষ্ট বিভিন্ন গল্প।
খেয়াল শুনতে কিংবা গাইতে ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে কবীর সুমন বলেন, ‘ড্রাম বাজান, ঢোল বাজান। দেখুন, শুধু সংগীতটা যেন থাকে।’
দীর্ঘ ১৩ বছর পর ঢাকার মঞ্চে গাইতে এসেছেন কবীর সুমন। এই সফরের প্রধান শর্ত ছিলো, একদিন আলাদা করে শুধু বাংলা খেয়ালের আয়োজন রাখতে হবে। সেটারই বাস্তবায়ন হলো আজ। এদিন সুমনের খেয়াল শুনতে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব; সঙ্গে ছিলেন তার স্ত্রী-গায়িকা সুনিধি নায়েক। এছাড়া সংগীতশিল্পী-অভিনেতা জন কবির, গাউসুল আলম শাওন, শুভেন্দু দাস শুভসহ অনেকে।
বাংলাদেশ সরকারের কাছেও একটি অনুরোধ জানান কবীর সুমন। বলেন, ‘বাংলাদেশ ছাড়া কিন্তু বাংলা খেয়ালের কোনও উপায় নেই। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যদ্দিন বেঁচে থাকবো, জানাবো; বাংলা খেয়ালের পাশে থাকবেন।’
ছবি: সাজ্জাদ হোসেন