দীপ্ত টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে দ্বিতীয়বারের মতো প্রদান করা হয়েছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’। গত এক বছরে চ্যানেলটিতে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে এই পদক দেওয়া হয়েছে। যাতে একক নাটকে সেরা অভিনেতা হলেন জোভান আর অভিনেত্রীর পদক পেলেন সাবিলা নূর।
১৯টি বিভাগে দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ এর ক্যাটাগরি ও বিভাগগুলো- সেরা একক নাটক: ‘অতিরিক্ত’, অভিনয়শিল্পী (পুরুষ) ফারহান আহমেদ জোভান, অভিনয়শিল্পী (নারী) সাবিলা নূর। ধারাবাহিক নাটক: ‘বকুলপুর’, অভিনয়শিল্পী (পুরুষ) শতাব্দী ওয়াদুদ, অভিনয়শিল্পী (নারী) নাদিয়া আহমেদ, পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ) আজিজুল হাকিম, পার্শ্ব অভিনয়শিল্পী (নারী) স্বর্নলতা। উদীয়মান অভিনয়শিল্পী সাফানা নমনি। দর্শক জরিপে ডিজিটাল প্ল্যাটফর্মে একক নাটক ‘ও আমার বোন না’, অভিনয়শিল্পী (পুরুষ) জিয়াউল ফারুক অপূর্ব, অভিনয়শিল্পী (নারী) যৌথভাবে তাসনিয়া ফারিণ ও বিদ্যা সিনহা সাহা মীম।
এছাড়া দীপ্ত অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’। এ বছরে পদকটি পেয়েছেন আবুল হায়াত।
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ সরাসরি প্রচার হয়েছে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সুমিত। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। আরও ছিলো ব্যান্ড দল অবসকিউর ও পার্থিব-এর পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য ও রাফসান সাবাব।
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র।