বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩

পর্দা নামছে দুই ছবির প্রদর্শনী আর পুরস্কার বিতরণ দিয়ে

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী একযোগে চলা ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর পর্দা নামছে শুক্রবার (৩ মার্চ)। 

তৃতীয়বারের মতো এই আয়োজন চলছে ১৫ দিন ধরে। শেষ দিনে (৩ মার্চ) প্রদর্শিত হবে দুটি ছবি। এদিন জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩টায় ‘মুজিব আমার পিতা’ এবং বিকাল ৪টায় ‘নোনা জলের কাব্য’।

এমনটাই জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।  

আরও জানান, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি, সভাপতি হিসেবে থাকছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব মসিহ্উদ্দিন শাকের।   

সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘উৎসবে প্রদর্শিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে এবার। পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ২০ জন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য থাকছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ২ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।’’

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে সন্ধ্যা ৬টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি পর্দা ওঠে এই উৎসবের। উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলেছিলেন, ‘চলচ্চিত্র বানানো যত সহজ সিনেমা প্রদর্শন করা তত কঠিন হয়ে গেছে আমাদের। এর কারণে সিনেমা হলের সংকট। এই মুহূর্তে শিল্পকলা একাডেমির এমন উদ্যোগ দেশের সিনেমা শিল্পকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।’