প্রজন্মের অন্যতম শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। দীর্ঘ দেড় দশকের পথচলা তাদের। ব্যান্ড-ভূমি চট্টগ্রাম থেকে উঠে আসা এই গানের দলের প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ প্রকাশ হয় ২০১৪ সালে। এরপর পেরিয়ে গেছে ৯ বছর। অবশেষে দ্বিতীয় অ্যালবাম ছাড়ছেন তারা।
এর নাম ‘অন্তঃসারশূন্য’। আগামী ১০ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চমকপূর্ণ আয়োজনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। সেই সঙ্গে উন্মুক্ত করা হবে এই অ্যালবামের শেষ গানের মিউজিক ভিডিও।
এই ফাঁকে বলা জরুরি, অন্তর্জাল যুগ আসার পর এখন সিডি-ক্যাসেটের অ্যালবাম বিলুপ্ত। তাই অন্তর্জালেই একটি একটি করে অ্যালবামের গান প্রকাশ করা হয়। ব্যতিক্রম ঘটেনি ‘অ্যাশেজ’র ক্ষেত্রেও। ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের ছয়টি গান ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে এবং সেগুলো শ্রোতামহলে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে।
এদিকে অ্যালবাম প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ব্যান্ডটি। সেখানে ব্যান্ডের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন হালের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। যিনি ‘অ্যাশেজ’র নতুন মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।
ব্যান্ডটির ড্রামার তৌফিক আহমেদ বিজয় জানান, ১০ মার্চ তাদের অ্যালবাম প্রকাশনার পাশাপাশি থাকছে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন। যেখানে তারা ভক্তদের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কথা বলবেন, তাদের ভালো-মন্দ অনুভূতি জানার চেষ্টা করবেন। এরপর থাকছে সলো কনসার্ট; যেখানে তারা নতুন-পুরনো ডজন দেড়েক গান পরিবেশন করবেন।
‘অ্যাশেজ’র দলনেতা-ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘এই অ্যালবামের ছয়টি গান ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে। দেশের প্রায় সব অঞ্চলের শ্রোতার কাছেই গানগুলো ছড়িয়ে গেছে। কনসার্ট করতে গিয়েই আমরা সেটার প্রমাণ পেয়েছি। এবার শেষ গানের মাধ্যমে আমরা অ্যালবামটির আনুষ্ঠানিক উন্মোচন করবো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের গান শুনতে কনসার্টে ছুটে আসেন, তাদের মনের কথাগুলো শুনবো। সবমিলিয়ে চমৎকার একটি বিকেল-সন্ধ্যা কাটাবো আমরা।’
এই গানচিত্রে ‘অ্যাশেজ’র সদস্যদের সঙ্গে চমক হিসেবে থাকছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
১০ মার্চের বিশেষ আয়োজনে অংশ নিতে হলে সংগ্রহ করতে হবে টিকিট। সাধারণ ক্যাটাগরিতে ৩০০ টাকা এবং ভিআইপি বিভাগে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য। গেটসেটরক ওয়েবসাইট থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, ‘অ্যাশেজ’র বর্তমান লাইনআপে আছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।