বিএফডিসি’র পাশাপাশি সোমবার (৩ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমিও বিশেষ আয়োজনের মাধ্যমে পালন করেছেন জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩।
দিবসটি উপলক্ষে এদিন থেকে ৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী চলবে একাডেমির চিত্রশালা মিলনায়তনে। এতে সিনেমা প্রদর্শন হবে রোজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।
সোমবার বিকাল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মাধ্যমে। এতে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে হাজির থেকে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘চলচ্চিত্র শিল্পের মর্যাদা সমুন্নত রাখতে নানা কর্মসূচীর মাধ্যমে সবার সাথে কাজ করে যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ উদ্দিন শাকের, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, মোরশেদুল ইসলাম, মুশফিকুর রহমান গুলজার, অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী হাশেম সুফী, ঢাকা ডক ল্যাবের পরিচালক ইমরান হোসেন কিরমানিসহ চলচ্চিত্রের অনেকে।
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।