এ সপ্তাহের ছবি

দেশে এলো অস্কারজয়ী রাসেল ক্রো’র সিনেমা

জন্ম নিউজিল্যান্ডে। তবে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি আসে ২০০০ সালে, ‘গ্ল্যাডিয়েটর’ ছবির মাধ্যমে। এতে অনবদ্য অভিনয় করে জিতে নেন অস্কার। এছাড়াও ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘৩:১০ টু ইউমা’, ‘লা মিসারাবেল’, ‘দ্য ইনসাইডার’, ‘ম্যান অব স্টিল’র মতো বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছেন। হ্যাঁ, তিনি রাসেল ক্রো।

খ্যাতিমান এই তারকার নতুন ছবি ‘দ পোপ’স এক্সরসিস্ট’। শুক্রবার (১৪ এপ্রিল) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেলো ছবিটি। স্টার সিনেপ্লেক্সের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর শাখাগুলোতে এটি দেখা যাবে।

জুলিয়াস আভেরি পরিচালিত ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’ মূলত ভৌতিক ঘরানার ছবি। একটি ক্যাথলিক গির্জায় পৈশাচিক, ভূতপ্রেতের ভয়ানক সব কাণ্ড রয়েছে এতে। ছবির মূল চরিত্র ফাদার অ্যামর্থ-র ভূমিকায় অভিনয় করেছেন রাসেল ক্রো।

ইতালিয়ান পুরোহিত ও লেখক গ্যাব্রিয়েল অ্যামর্থের লেখা ‘অ্যান এক্সরসিস্ট টেলস হিজ স্টোরি অ্যান্ড অ্যান এক্সরসিস্ট: মোর স্টোরিজ’ বই থেকে ছবিটির গল্প সাজিয়েছেন আর. ডিন ম্যাকক্যারি, চেস্টার হ্যাস্টিংস ও জেফ কার্টজ। এতে রাসেল ক্রো ছাড়াও অভিনয় করেছেন ড্যানিয়েল জোভাটো, অ্যালেক্স ইসো, ফ্রাঙ্কো নেরো প্রমুখ। ১৮ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবির দৈর্ঘ্য ১০৩ মিনিট।