আন্তর্জাতিক নানান উৎসব পেরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’।
আকরাম খান পরিচালিত ছবিটি এরমধ্যে পেয়েছে মুক্তির ছাড়পত্র।
চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী জানান, আনকাট সেন্সর পেয়েছে ‘নকশী কাঁথার জমিন’। মিলেছে সেন্সর বোর্ড সদস্যদের প্রশংসাও।
নির্মাতা আকরাম খান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন সেঁওতি, ইরেশ যাকের, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।