৮ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী এই উৎসব হবে ১২ ও ১৩ মে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে।
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদের পক্ষে নির্বাহী সভাপতি আমিনা আহমেদ ও সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। সেই সাথে রবীন্দ্রসঙ্গীতের আবেদনও চিরন্তন। আমাদের দেশে বাঙালি জাতির স্বাধিকার, বিশেষত: স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রসঙ্গীত আমাদের প্রেরণার উৎস ছিল। রবীন্দ্রনাথের গান আবহমান কালের বাঙালি সংস্কৃতির মূল ধারাকে বিকশিত ও সমৃদ্ধ করেছে। রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছে আমাদের জাতীয় সংস্কৃতি বিকাশের অবলম্বন। সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে অনুশীলন ও লালনের মাধ্যমে আমাদের হাজার বছরের সংস্কৃতির ধারাকে আরও বেগবান ও বিকশিত করে তুলতে হবে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রধান অবলম্বন রবীন্দ্রনাথ ঠাকুর।
মূলত এই বিষয়টিকেই উপজীব্য করে সাজানো হচ্ছে এবারের উৎসব।
উৎসব নিয়ে আগামী ৫ মে সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।