আদিপুরুষ: শত কোটির ঘষামাজায় ‘কার্টুন’ তকমা ঘুচবে তো!

সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম বড় ও আলোচিত প্রজেক্ট ‘আদিপুরুষ’। অভিনয়ে দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউডের কৃতি স্যানন ও সাইফ আলী খানের মতো তারকা। এছাড়া ছবির গল্প ঐতিহাসিক মহাকাব্য রামায়ণ থেকে নেওয়া। ফলে ছবিটি ঘিরে ভারতীয়দের মাঝে তুমুল আগ্রহ।

কিন্তু গেলো বছরের অক্টোবরে যখন ‘আদিপুরুষ’র টিজার প্রকাশ্যে আসে, তখন সেই আগ্রহের আগুনে যেন স্রোতধারা বয়ে যায়! দুর্বল ভিএফএক্সের কারণে ছবিটিকে ‘কার্টুন’ বলে কটাক্ষ করে অধিকাংশ দর্শক-সমালোচক।

সেই বিতর্ক-সমালোচনা আমলে নিয়েছে ‘আদিপুরুষ’ টিম। যার ছাপ স্পষ্ট হলো সদ্য প্রকাশ্যে আসা ট্রেলারে। মঙ্গলবার (৯ মে) দুপুরে প্রকাশ হওয়া ট্রেলারটিতে ঘষামাজার ছাপ দেখা গেছে। ভিএফএক্সে আগের চেয়ে অনেকটা উন্নতি লক্ষ্য করছেন দর্শক। ফলে নিভে যাওয়া আশার প্রদীপ ফের জ্বলে উঠছে।

৩ মিনিট ১৯ সেকেন্ড দীর্ঘ ট্রেলারজুড়ে রাঘব তথা রাম চরিত্রে প্রভাসের আধিপত্য দেখা গেছে। জানকি তথা সীতার ভূমিকায় কৃতি স্যানন রয়েছেন সাবলীল। তবে ছবির ভিলেন তথা লঙ্কেশ বা রাবণের চরিত্রে সাইফ আলি খানের মূল রূপ উন্মোচন করা হয়নি। টিজারে তার দশমাথা নিয়ে হাসাহাসি হয়েছিল। এবার তাই চরিত্রটিকে রহস্যজনক উপায়ে উপস্থাপন করা হয়েছে।

‘আদিপুরুষ’র বাজেট ছিল ৫০০ কোটি রুপি। এই বাজেটে ছবিটির কাজ শেষও করা হয়। তবে টিজার প্রকাশের পর যখন নিন্দার ঝড় ওঠে, তখন ফের পোস্ট প্রোডাকশনে নামে টিম। জানা যায়, নতুন করে আরও ১০০ কোটি রুপি খরচ করা হয়েছে ছবিটির ভিএফএক্স ও ভিজুয়াল ইফেক্টসের কাজে। ফলে এর বাজেট ছাড়িয়েছে ৬০০ কোটি রুপি! এত বড় বাজেটে বলিউডে এর আগে কোনও ছবি নির্মিত হয়নি। ফলে মুক্তির পর বিশাল এই লগ্নি তুলে আনতে পারবে কিনা, নিন্দার স্রোত ডিঙিয়ে ‘কার্টুন’ তকমা ঘোচাতে পারবে কিনা, এসব প্রশ্ন ঘুরছে অনেকের ভাবনায়।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় দেখা যাবে ওমর রাউত নির্মিত ‘আদিপুরুষ’। ভারত ছাড়াও বিশ্বের ৭০টি দেশ-অঞ্চলে ছবিটি আগামী ১৬ জুন মুক্তি পাবে।

এর আগে আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের ‘ট্রিবেকা ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে এই সিনেমা। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রভাস বলেছেন, “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে, ‘আদিপুরুষ’ ট্রিবেকা ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে। আমাদের জাতিগত আদর্শকে তুলে ধরে, এমন একটি প্রজেক্টের অংশ হতে পারা সত্যিই পরম পাওয়া। ছবিটির আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাওয়া শুধু অভিনেতা নয়, একজন ভারতীয় হিসেবেও আমাকে গর্বিত করে।”

ট্রেলার:

সূত্র: হিন্দুস্তান টাইমস