রেকর্ড গড়ে ২০০ কোটির ক্লাবে বিতর্কিত ছবিটি

সিনেমার বিষয়বস্তু স্পর্শকাতর। জড়িয়ে আছে ধর্মীয় আবেগ। ফলে প্রায় সবারই ধারণা ছিল বক্স অফিসে এটি ভালো সাড়া পাবে। কিন্তু সেই সাড়া যে ২০০ কোটির মতো বড় অংক ছাড়িয়ে যাবে, তা অকল্পনীয় বটে।

বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ের আলোচিত হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরি’র কথা। গত ৫ মে এটি মুক্তি পেয়েছিল। এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ছবিটি। সেই সঙ্গে এর আয়ের পরিমাণ বাড়ছে তরতর করে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানান, মঙ্গলবার (২৩ মে) মুক্তির ১৯তম দিনে ‘দ্য কেরালা স্টোরি’ আয় করেছে ৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে সবমিলিয়ে এর আয় এখন ২০৬ কোটি ৯৭ লাখ রুপি।

‘দ্য কেরালা স্টোরি’র কেন্দ্রীয় চরিত্রের সবাই নারী শিল্পী। এর মধ্যে মুখ্য চরিত্রে রয়েছেন আদাহ শর্মা। এই অভিনেত্রীর দাবি, এটিই প্রথম নারীকেন্দ্রিক হিন্দি ছবি, যেটা ভারতে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

আদাহ শর্মা বলেন, “তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ছাড়াই (এই দুটি রাজ্যে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে) ২০০ কোটি রুপি আয় করেছে আমাদের ছবিটি। এটা জীবনের সেরা জিনিসগুলো অপ্রত্যাশিতই থাকে, কারণ সেখানে কোনও প্রত্যাশা থাকে না। দর্শকদের ধন্যবাদ, এটা করে দেখানোর জন্য। ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতারা অনেক বড় ঝুঁকি নিয়েছেন ছবিটি বানানোর ক্ষেত্রে।”

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার একটি দৃশ্যমুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে তুমুল বিতর্ক চলছে। রাজনীতির মঞ্চ থেকে ভারতের আদালত অব্দি পৌঁছে গেছে প্রসঙ্গটি। এত বিতর্কের মূল কারণ, ছবিটির ট্রেলারে বলা হয় কেরালার প্রায় ৩২ হাজার হিন্দু, খ্রিষ্টান নারীকে জোরপূর্বক ধর্মান্তরিত করে মুসলমান বানানো হয়েছে। যারা জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিয়েছে। তবে এই সংখ্যা ভিত্তিহীন বলেই দাবি করেন বিশেষজ্ঞরা। বিতর্কের মুখে ছবির সংশ্লিষ্টরা কিছু সংশোধনী আনেন। ৩২ হাজার নারীর পরিবর্তে তারা জানান, ছবিটি মূলত তিনজন নারীর গল্পে নির্মিত হয়েছে।

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির বাজেট প্রায় ৩০ কোটি রুপি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদাহ শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিধি ইদনানি প্রমুখ।

সূত্র: ইন্ডিয়া টুডে