৫০ বছর পূর্তিতে সোলস’র ৫০ গান

প্রতিষ্ঠার ৫০ বছরে পা রেখে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস। এর মধ্যে রয়েছে নিজেদের নতুন লগো উন্মোচন, ৫০টি গান প্রকাশ, দেশ-বিদেশে সিরিজ কনসার্ট এবং একটি গ্র্যান্ড কনসার্টের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপন।

তারই সূত্রপাত হচ্ছে ৬ জুন দুপুরে ঢাকার অভিজাত একটি ক্লাবে লগো উন্মোচনের মধ্য দিয়ে। এমনটাই জানান ব্যান্ডটির অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। সেখানেই জানানো হবে, দলটির আগামী এক বছরের কর্মপরিকল্পনা।  

তবে ব্যান্ড সূত্রে জানা গেছে , ধারাবাহিকভাবে আগামী এক বছরে ৫০টি গান শ্রোতাদের উপহার দেবে দলটি। যেখানে ৩০টি পুরনো গানের রিমেক থাকছে। আর ২০টি গান একেবারে নতুন। ৫০ বছরের সোলসকে এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরতে এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে বলেও জানান সদস্যরা।

গান প্রকাশের পাশাপাশি এই এক বছরে আরও বেশ কিছু বড় প্রজেক্ট হাতে নিচ্ছে সোলস। তারই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মঙ্গলবারের (৬ জুন) সংবাদ সম্মেলনে। 

স্টুডিওতে সোলস সদস্যরাসোলস-এর পথচলা শুরু ১৯৭৩ সাল থেকে, চট্টগ্রামে। তবে সূত্রপাত হয়েছে তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। বরং এই দলটি হয়ে ওঠে ব্যান্ড তারকা তৈরির কারখানা হিসেবে। যে দলের গান চট্টগ্রাম থেকে ছড়িয়ে পড়ে গোটা দেশে।

ধারাবাহিকভাবে সোলস-এ যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে। এরমধ্যে নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া এখনও ‘সোলস’ এর পতাকা আগলে আছেন। সঙ্গে আছেন আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।  

১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম। স্টেজে সোলস সদস্যরা

পাঁচ দশকে সোলস-এর অ্যালবাম 

সুপার সোলস (১৯৮০)

কলেজের করিডোরে (১৯৮২)

মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭)

ইস্ট এন্ড ওয়েস্ট (১৯৮৮)

এ এমন পরিচয় (১৯৯৩)

আজ দিন কাটুক গানে (১৯৯৫)

অসময়ের গান (১৯৯৭)

মুখরিত জীবন– আনপ্লাগড (২০০০)

তারার উঠোনে (২০০৩)

টু-লেট (২০০৪)

ঝুট ঝামেলা (২০০৬)

কিংবদন্তি (২০০৮)

জ্যাম (২০১১)