শুধু গ্ল্যামারকে পুঁজি করে বলিউডে টিকে আছেন উর্বশী রাউতেলা। ক্যারিয়ারে কোনও সফল ছবি নেই, নতুন কোনও সিনেমায়ও সেভাবে ডাক পাচ্ছেন না। তবু বিভিন্ন সময়ই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে চর্চা চলে। আর সেসব চর্চার সবটাই ব্যক্তিগত ঘটনাকেন্দ্রিক।
এবার একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনায় উর্বশী। সম্প্রতি তিনি দাবি করেছেন যে, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে অভিনয় করছেন তিনি। একটি চিত্রনাট্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি খবরটি প্রকাশ করেন। সঙ্গে বলেন, ‘বলিউড ব্যর্থ হয়েছে পারভীন ববি, কিন্তু আমি আপনাকে গর্বিত করবো।’
এর আগে ৭৬তম কান উৎসবে গিয়েও ছবিটির কথা বলেছিলেন তিনি। তার দাবি ছিল, এই ছবির ফটোকল লঞ্চের (সিনেমা সংশ্লিষ্টদের ছবি তোলা পর্ব) জন্যই তিনি উৎসবে এসেছেন। যদিও তখন ছবি সংশ্লিষ্ট কোনও নির্মাতা-কুশলী বা প্রযোজকের উপস্থিতি সেখানে ছিল না।
এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে, পারভীন ববির বায়োপিকের খবরটি একেবারে ভিত্তিহীন। অর্থাৎ উর্বশী মিথ্যাচার করছেন। বিষয়টি নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য, ‘এটা একেবারে পরিষ্কার যে, তিনি মিথ্যা বলছেন এবং এটা ভুয়া খবর। এরকম কোনও সিনেমা হচ্ছে না। ট্রেড সার্কিটেও এরকম কোনও প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে না। এছাড়া কান উৎসবে কোনও নির্মাতা ছাড়া ফটোকল লঞ্চ অসম্ভব ব্যাপার। সুতরাং উর্বশী সেখানে নিজ উদ্যোগে গেছেন, কোনও নির্মাতা, লেখক, প্রযোজক কেউ ছিলেন না। তাহলে এটা কেমন ফটোকল লঞ্চ? এতেই বোঝা যায় তার বক্তব্যে কতখানি সত্যতা আছে।’
এটাই প্রথম নয়, এর আগেও সিনেমা নিয়ে মিথ্যাচার করেছেন উর্বশী। কিছু দিন আগে তিনি জানান, সুপারহিট কন্নড় ছবি ‘কানতারা’র দ্বিতীয় পর্বে অভিনয় করবেন তিনি। কিন্তু পরে তার দাবিটি মিথ্যা প্রমাণিত হয়।
সূত্র: বলিউড হাঙ্গামা