অঁলিয়স ফ্রঁসেস ঢাকা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ফেত দো লা মিউজিক ২০২৩’। এই উপলক্ষে লা গ্যলারিতে ১৭ জুন বিকালে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীত উৎসবের।
এদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসব। এমনটাই জানান, ঢাকা কেন্দ্রের গণসংযোগ কর্মকর্তা নাহিদা শহিদি।
সংগীতের মাধ্যমে মানব বন্ধন সুদৃঢ়ভাবে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে একের পর এক সংগীত পরিবেশনই হচ্ছে ফেত দো লা মিউজিকের মূল ধারণা।
এই উৎসবের মাধ্যমে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সংগীতের পাশাপাশি পিয়ানো, গিটার আর বাঁশির মূর্ছনায় সবার কাছে দারুণ উপভোগ্য এবং আনন্দময় হয়ে উঠবে বলে আশা করেছে অঁলিয়স ফ্রঁসেস-এর ঢাকা কর্তৃপক্ষ।
১৯৮২ সালে ফ্রান্সে ফেত দো লা মিউজিক প্রথম উদযাপন শুরু হয়। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতি মন্ত্রী দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে প্রতি বছর ২১ জুন বিশ্বের শতাধিক দেশে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয়ে আসছে। এ উপলক্ষে অঁলিয়স ফ্রঁসেস-এর ঢাকা কর্তৃপক্ষ ১৭ জুন এই উদযাপন করার উদ্যোগ নিয়েছে।