ঢাকাই শোবিজের সফলতম দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। একসঙ্গে সংসার জীবনের গল্প রচনা করে চলছেন দীর্ঘ ১৩ বছর ধরে। ভক্তদের কাছেও তাদের ভালোবাসা, সম্পর্ক আর সংসারের খুচরো গল্প ভীষণ প্রিয়। তাদের একে-অন্যের প্রতি শ্রদ্ধাবোধ কিংবা ঝগড়াহীন দ্বৈত জীবন, অন্যদের জন্য অনুপ্রেরণার বটে।
২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেছিলেন ফারুকী ও তিশা। সে হিসেবে রবিবার (১৬ জুলাই) তাদের বিয়ের ১৩ বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ দিনটি উদযাপনের জন্য বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন তারা। যেটার ঝলক শনিবার (১৫ জুলাই) রাতেই ভক্তদের সামনে হাজির করলেন এ দম্পতি।
১৩তম বিবাহবার্ষিকীতে তিশা ও ফারুকী তাদের বিয়ের পোশাকে পুনরায় সেজেছেন। শুধু তাই নয়, সেই পোশাকে এমন একটি জায়গায় গিয়ে ফটোশুট করেছেন, যেই জায়গার সঙ্গে তাদের সম্পর্কের সূচনার যোগসূত্র রয়েছে!
পুরো বিষয়টি নির্মাতা ফারুকীর ভাষ্যে শোনা যাক, “জীবন কখনও কখনও নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো- আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম, সেটা পরেই ১৩ বছর পূর্তি উপলক্ষে একটা ফটোশুট করবো। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম। তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়! ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো, এর মালিকের বাড়িতেই ‘নিখোঁজ সংবাদ’র (নাটক) শুটিং হয়েছিল। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।”
সবশেষে প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা জানিয়ে ফারুকী বলেছেন, ‘আরও কত কিছু বলতে মন চায়। তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।’
ফারুকী-তিশার এই অভিনব পরিকল্পনা এবং পরষ্পরের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ নেটদুনিয়া। ফারুকীর পোস্টে এ পর্যন্ত ৬১ হাজার এবং তিশার পোস্টে ১ লাখ ৬১ হাজার রিঅ্যাকশন জমা হয়েছে। আর দুজনের পোস্টে শুভেচ্ছা মন্তব্যের সংখ্যা সাড়ে নয় হাজার।