একজন নিজেকে মেলে ধরেছেন শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায়। সাহিত্য, নির্মাণ কিংবা অভিনয়; সবেতেই তার উজ্জ্বল বিচরণ। অন্যজনকে ঢালিউডের প্রথম কিংবা ‘একমাত্র’ অ্যাকশন তারকা বলে অভিহিত করেন দর্শকরা। তারা হলেন আমজাদ হোসেন ও জসিম। আজ সোমবার (১৪ আগস্ট) এই তারকাদ্বয়ের জন্মদিন।
১৯৪২ সালের এই দিনে জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন তিনি। পরবর্তী জীবনে তিনি অসংখ্য গল্প, কবিতা ও উপন্যাস রচনা করেছেন।
সিনেমায় তার পথচলা শুরু হয় অভিনয় দিয়ে। ১৯৬১ সালে ‘তোমার আমার’ সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরবর্তী সময়ে তিনি কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। হাতেকলমে নির্মাণের খুঁটিনাটি রপ্ত করার পর নিজেই নামেন পরিচালনায়। ১৯৬৭ সালে বানালেন ‘আগুন নিয়ে খেলা’ সিনেমাটি।
অন্যদিকে জসিমের জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট, ঢাকার নবাবগঞ্জে। তার পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন। একাত্তরে দেশ যখন স্বাধীনতা যুদ্ধে উত্তাল, তখন তিনি একুশের টগবগে তরুণ। নেমে পড়েন যুদ্ধে। সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন জসিম।
যুদ্ধ পরবর্তী দেশে চলচ্চিত্রের নবজাগরণ তৈরি হয়। অনেকেই তখন রূপালি ভুবনে কাজ শুরু করেন। তাদের একজন জসিম। ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। এর পরের বছর রাজ্জাক-কবরী অভিনীত কালজয়ী সিনেমা ‘রংবাজ’-এর অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন জসিম।
ঢালিউডে তার অবস্থান পাকা হয় ‘দোস্ত দুশমন’ সিনেমার সুবাদে। যেখানে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘শোলে’র রিমেক। অভিনয় শুরুর প্রায় এক দশক পর্যন্ত জসিম খলনায়ক চরিত্রে সাফল্যের সঙ্গে কাজ করেছিলেন। এরপর নায়ক চরিত্রে আবির্ভূত হন এবং জিতে নেন আরও বিপুল সংখ্যক দর্শকের মন। আশির দশকে জনপ্রিয় সব নায়িকার সঙ্গেই জুটি বেঁধে সিনেমা করেছেন জসিম। তবে শাবানা ও রোজিনার সঙ্গে তার রসায়ন অধিক জনপ্রিয়তা পেয়েছিল।
আমজাদ হোসেন ও জসিমের পেশাগত মেলবন্ধনও রয়েছে। আমজাদ হোসেন পরিচালিত সিনেমা ‘কসাই’তে অভিনয় করেছিলেন জসিম। এটি ১৯৮০ সালে মুক্তি পেয়েছিল। ছবিটিতে আরও আছেন আলমগীর, কবরী, ববিতা ও রোজিনা।