কালজয়ী কিংবা সেরা; যে শিরোনামে তালিকা করা হোক না কেন, ‘ফ্রেন্ডস’ সিরিজটি থাকবে প্রথম সারিতে। বিশ্বজুড়ে এই সিরিজের জনপ্রিয়তা কতখানি, তা বলা নিষ্প্রয়োজন। নন্দিত এই সিরিজের অন্যতম চরিত্র চ্যান্ডলার বিং-এর ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন ম্যাথিউ ল্যাংফোর্ড পেরি। শনিবার (২৮ অক্টোবর) তার মরদেহ পাওয়া গেছে নিজ বাসার বাথটাবে।
পেরির বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিসের এক মুখপাত্র। যদিও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অভিনেতা বাথটাবের পানিতে ডুবে মারা গেছেন।
ওই সিরিজে শ্যান্ডলারের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মরগান ফেয়ারচাইল্ড। তিনি শোক প্রকাশ করে বলেছেন, “আমার ‘সন্তানের’ মৃত্যুর খবর শুনে মনটা ভেঙে গেছে। এমন মেধাবী তরুণ অভিনেতাকে হারিয়ে ফেলা একটা বড় ধাক্কা।’
ম্যাথিউ পেরির জন্ম ও বেড়ে ওঠা যদিও যুক্তরাষ্ট্রে, তবে তার মা সুজান মেরি মরিসন ছিলেন কানাডিয়ান সাংবাদিক। তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সচিব ছিলেন। সেই সূত্রে ম্যাথিউকে ছোটবেলা থেকেই জানতেন জাস্টিন ট্রুডো; যিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। মৃত্যুর খবর শুনে জাস্টিন টুইটারে লিখেছেন, ‘ম্যাথিউ পেরির চলে যাওয়া অবিশ্বাস্য এবং বেদনাদায়ক। স্কুলের মাঠে আমরা যে খেলতাম, সেই মুহূর্তগুলো আমি কখনও ভুলবো না। এবং আমি জানি, তুমি যে আনন্দ বিশ্বজুড়ে মানুষকে দিয়েছো, তারাও তোমাকে ভুলবে না। সব হাসি-আনন্দের জন্য ধন্যবাদ ম্যাথিউ। তুমি ভালোবাসা পেয়েছো এবং সবসময় মনে পড়বে।’
১৯৯৪ সালের ছবি ‘প্যারালাল লাইভস’-এ ম্যাথিউ পেরির সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মিরা সরভিনো। তিনিও খবরটি শুনে হতবাক। বলেছেন, ‘ওহ নো! ম্যাথিউ পেরি! তুমি একটা মিষ্টি মানুষ। সবাইকে হাসিয়ে এখন তুমি স্বর্গে শান্তি ও সুখ খুঁজে পাও, এই প্রার্থনা করি।’
পেরি অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ফুলস রাশ ইন’, ‘অলমোস্ট হিরোজ’, ‘দ্য হোল নাইন ইয়ার্ডস’, ‘দ্য রন ক্লার্ক স্টোরি’, ’১৭ এগেইন’ ইত্যাদি।
সূত্র: দ্য গার্ডিয়ান