মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নন এমন একজন জনপ্রিয় চিকিৎসক। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডার নিয়েই তার যাপিত জীবন। তিনি সরকারি চাকরি করলেও গ্রামে ঘুরে-ঘুরে রোগীদের চিকিৎসা দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক আহত মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। তার এই তৎপরতার সংবাদ পাকসেনারা জানতে পারলেও তিনি আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন যে, পাকবাহিনী তাকে হত্যা করবে না। কারণ তিনি একজন চিকিৎসক।
মুক্তিযুদ্ধের এমনই এক ব্যতিক্রম চিকিৎসকের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’। এতে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি মামুনুর রশীদ। এটির চিত্রনাট্য লিখেছেন অভিনেতা নিজেই। আর নির্মাণ করেছেন এল রুমা আক্তার।
শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে। মামুনুর রশীদ ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশিষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ।