দুই বন্ধুর ‘ফাঁপর’ দেখা যাবে টিভি পর্দায়

বদরুল ও মজনু দুই বন্ধু। ফাঁপরবাজিতে কেউ কারও চেয়ে কম যায় না। নিজেকে বড় করে দেখানোর জন্য সারাক্ষণ ফাঁপর দিয়ে চলে। যা দেখে মহল্লার কিছু মানুষ বিশ্বাসও করে। তরুণীরা তাদের সঙ্গে ভাব জমাতে চায়। আবার তাদের লাগামহীন ফাঁপরবাজিতে কিছু বিপত্তিও ঘটে।

এই সমস্ত বিষয় উঠে এসেছে একটি ধারাবাহিক নাটকে। যেটার নাম ‘ফাঁপর’ নির্মাণ করেছেন ফরিদুল হাসান। আগামী ৯ জানুয়ারি থেকে এটি দেখা যাবে বাংলাভিশনে। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি।  

নতুন ধারাবাহিক নিয়ে পরিচালক ফরিদুল হাসান বলেন, “এই সময়ে যারা নাটক দেখে অভ্যস্ত, তাদের কথা মাথায় রেখেই ‘ফাঁপর’ নাটকটি নির্মাণ করা হয়েছে। হাস্যরসের পাশাপাশি সামাজিক বার্তাও আছে। আশা করি দর্শকের ভালো লাগবে।”

নাটকের একটি দৃশ্য‘ফাঁপর’-এ দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আ খ ম হাসান ও যাহের আলভী। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “এটি সমসাময়িক বিষয় নিয়ে লেখা। যেটাকে আমরা নাটকের ভাষায় ‘ট্রেন্ডি’ বলে থাকি। হাস্যরসাত্নক ভাবে গল্প এগিয়ে গেলেও সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটিতে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।”

ধারাবাহিক নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ডা. এজাজুল ইসলাম, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, স্বর্ণলতা, ওয়ালিউল হক রুমী, শহিদুল্লাহ সবুজ, সিয়াম নাসির, তন্ময় সোহেল, আমিন আজাদ, নাফিসা, আনোয়ার শাহী, সঞ্জিব আহমেদ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন প্রচেষ্টা অ্যাড মিডিয়ার কর্ণধার মোজাফফর হোসেন দিপু।নাটকটির নির্মাতা ও শিল্পীরা