সম্পর্কের মূল ভিত্তি যে পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা, সেটাই যেন প্রমাণ করলেন বলিউড তারকা আরশাদ ওয়ারসি ও তার স্ত্রী মারিয়া গরেতি। দীর্ঘ দুই যুগ ধরে তারা সংসার করছেন। অথচ আইনগতভাবে বিয়ের নিবন্ধনই করেননি! দাম্পত্যের ২৫ বছর পেরিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তারা।
১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন আরশাদ ও মারিয়া। পারিবারিক আয়োজনে মালাবদল করেছিলেন বটে। কিন্তু সেই বিয়ের রেজিস্ট্রেশন করেননি। অভিনেতার মতে, তারা কখনও নিবন্ধনের প্রয়োজনই অনুভব করেননি। কেবল ভালোবেসে সংসার করে গেছেন।
সম্প্রতি আইনিভাবে বিয়ে সম্পন্ন করলেন আরশাদ-মারিয়া। কিন্তু এত বছর পর এসে হঠাৎ কেন এই পদক্ষেপ? সেটার জবাবও দিয়েছেন অভিনেতা। টাইমস অব ইন্ডিয়াকে আরশাদ বলেন, ‘নিবন্ধনের বিষয়টি কখনও আমাদের মাথায় আসেনি। কিন্তু সম্পত্তির ব্যাপারে লেনদেন করতে গিয়ে এর গুরুত্ব উপলব্ধি করেছি। কেবল আইনের কথা বিবেচনা করেই নিবন্ধন করলাম। অন্যথায় আমি মনে করি, সঙ্গী হিসেবে যদি একে-অন্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়, সেটাই সব কিছু।’
আরশাদ ওয়ারসিকে সর্বশেষ দেখা গেছে তুমুল আলোচিত সিরিজ ‘অসুর’র দ্বিতীয় সিজনে। বর্তমানে তিনি রিয়্যালিটি শো ‘ঝালাক দিখলা জা’র বিচারক হিসেবে কাজ করছেন। এছাড়া তাকে আগামীতে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায়।