গত কয়েক বছর ধরে দারুণ সময় পার করছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। একের পর এক ছবিতে সাফল্য আর প্রশংসা কুড়াচ্ছেন সমান্তরালে। এমন ফুরফুরে সময়েই জানালেন আরেক সুখবর। তিনি মা হয়েছেন। গত ১০ মে ইয়ামির ঘরে আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম রেখেছেন বেদাবিদ। নামটির অর্থ হলো, যার কথা বেদে সুন্দরভাবে বলা আছে। আবার এটি ভগবান বিষ্ণুর আরেক নাম বলেও উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম।
সাধারণত সন্তান হওয়ার দিন কিংবা এক দিন পরই সেই খবর সামনে আনেন তারকারা। তবে ইয়ামি একটু ভিন্ন পথে হাঁটলেন। ১০ দিন পর সোমবার (২০ মে) সুখবরটি প্রকাশ করেছেন অভিনেত্রী। স্বামী-নির্মাতা আদিত্য ধরের সঙ্গে একটি যৌথ বার্তায় বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের একটি পুত্র হয়েছে। নাম বেদাবিদ। অক্ষয় তৃতীয়ার (১০ মে) দিন সে আমাদের ঘর আলোকিত করেছে। ওর জন্য আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’
এছাড়া ইয়ামির চিকিৎসায় নিয়োজিত থাকা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আদিত্য ধর। সেই সঙ্গে একমাত্র পুত্রের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তিনি।
ইয়ামি গৌতমকে সর্বশেষ দেখা গেছে ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে। এটি গত ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মাত্র ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ১১০ কোটি রুপি আয় করে সুপারহিট হয়েছে। নারীকেন্দ্রিক ছবির এমন সাফল্য সচরাচর দেখা যায় না। এর আগে ইয়ামির ‘আ থার্সডে’, ‘দাসভি’, ‘লস্ট’, ‘চোর নিকালকে ভাগা’ এবং ‘ওএমজি ২’ ছবিগুলোও দারুণ সাড়া পেয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ জুন আদিত্য ধরকে বিয়ে করেছিলেন ইয়ামি গৌতম।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস