ঈদ উৎসবে মূলত রাজত্ব থাকে দেশি সিনেমার। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। এরমধ্যে ‘তুফান’সহ চারটি ছবির কথা শোনা যাচ্ছে ঈদে মুক্তির। নতুন খবর হলো ঈদের তিন দিন আগেই (১৪ জুন) দেশে মুক্তি পাচ্ছে বিদেশের তিন ছবি।
সিনেমা তিনটি আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে স্টার কর্তৃপক্ষ।
দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি গত ৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। নাম ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’। উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ ছবি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কাঙ্ক্ষিত এ ছবিটি দেশের দর্শকদের উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
এ ছাড়া অন্য দুই সিনেমা হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ছবি ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’।
ছবিগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।