দীপ্তা রক্ষিতের একক অভিনয়ে প্রশংসিত নাটক ‘আমার আমি’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। নন্দীমুখ-এর প্রযোজনায় প্রশংসিত এই নাটকটি ফের মঞ্চে উঠছে।
৫ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চস্থ হবে। এমনটাই নিশ্চিত করেছে নন্দীমুখ।
নির্দেশক অসীম দাশ জানান, ইতিহাসের চরিত্রকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটির কাহিনি। বাংলা রঙ্গালয়ের প্রবাদপ্রতিম অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসীর আত্মজীবনীই এই নাট্যের কাহিনি বিন্যাস।
কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি অভিনয় ছেড়ে দিলেন? কী এমন ঘটনা ঘটেছিল? শ্রীমতী বিনোদিনী দাসী তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার খাতা’, ‘আমার কথা’ ও ‘আমার অভিনেত্রী জীবন’-এ তার হৃদয়ে বপন করা যন্ত্রণার কথা তুলে ধরেন। সেই যন্ত্রণারই এক প্রামাণ্যচিত্র ‘আমার আমি’।