লোক নাট্যদলের গুণীজন সম্মাননা পেলেন ৬ নাট্যজন। ৬ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘লোক নাট্যদল পদক ২০২১-২২’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আড়ম্বর এ অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন ড. ইনামুল হক (মরণোত্তর), এস এম মহসীন (মরণোত্তর), আরহাম আলো, শাহাদাৎ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল ও কঙ্কন দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব একুশে পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমদ বলেন, ‘সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয় সেটা খুবই কম, সাংস্কৃতিক খাতে অনেক কাজ করার আছে, যার জন্য বাজেট বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।’
সাংস্কৃতিক পর্বের শুরুতেই ঢাক-ঢোল-নৃত্য পরিবেশিত হয়। এরপর লোকনাট্য প্রযোজিত বিভিন্ন নাটকের গান নিয়ে পরিবেশনা উপস্থাপন করা হয়। পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ অবলম্বনে নৃত্যালেখ্য। ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল।