সংসারে ভাঙ্গনের গুঞ্জন নিয়ে এমনিতেই বিপাকে আছে বচ্চন পরিবার। তবে সেটির সঙ্গে পান্ডে পরিবারের সরাসরি কোনও সংযোগ নেই। তবে দূরবর্তী সংযোগটি হলো এই, অনন্যা পান্ডের অভিষেক হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে! অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তার প্রথম সিরিজ ‘কল মি বে’।
এটি নিয়ে অনন্যা তো বটেই, অনুসারীরাও বেশ উত্তেজনায় অধীর হয়ে আছে। এর মাঝেই উৎসাহ আরও বাড়িয়ে দেওয়ার জন্য নির্মাতা করণ জোহর প্রকাশ্যে আনলেন সিরিজের নতুন প্রমো ও মুক্তির দিনক্ষণ। মজার এই প্রমোর মাধ্যমে ভক্তদের আগ্রহের মাত্রা আরও যেন বেড়ে গেলো, জানানো হলো ৬ সেপ্টেম্বর সিরিজটি উন্মুক্ত হচ্ছে।
এরপর করণ বলেন, ‘প্রিয় ওটা বলিউড লঞ্চ ছিল, এটা ওটিটি লঞ্চ।’
এরপর উঠে আসে সিরিজের অনন্যার চরিত্র প্রসঙ্গে। করণের থেকে জানতে চান, তিনি কোন চরিত্রে অভিনয় করবেন? করণ বলেন, ‘একেবারে নতুন কিছু, যা তোমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে। এমন একটা রোল যা তুমি আগে কখনও করোনি।’ এরপর অনন্যা আবদার করে বলেন, ‘আমাকে গরীব একটি মেয়ের চরিত্রে দেখা যেতে পারে? মির্জাপুরের মতো।’ করণ বলেন, ‘হ্যাঁ একদম কাছাকাছি আন্দাজ করেছ চরিত্রটা। একজন সাউথ দিল্লির ধনী পরিবারের মেয়ে।’ তখন মুখ বেজার করে অনন্যা বলেন, ‘আমি ইতিমধ্যেই আদুরে রাজকুমারী টাইপ চরিত্র করে ফেলেছি। এটা আমার জন্য কীভাবে চ্যালেঞ্জিং হবে?’
করণ তখন অনন্যাকে আশ্বস্ত করে বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ধনী পরিবারের মেয়েটা সব হারিয়ে মুম্বাই এসেছে। জীবন যুদ্ধে লড়াই করতে, ঠিক এই শহরে আসা আর পাঁচজন ছেলে-মেয়েরা যে লড়াইটা করে সেরকম।’ এটা শুনে বিস্ময়ে অনন্যা বলেন, ‘একটা মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য যে লড়াই চালায় সে রকম! এটা সত্যি আমার জন্য একদম নতুন হতে চলেছে।’ করণ বলেন, ‘হ্যাঁ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী জানো? তোমাকে কাজ খুঁজতে হবে, নতুন বন্ধু খুঁজতে হবে এই শহরে এবং তার থেকেও বড় ব্যাপার হলো এমন একটা অটো খুঁজতে হবে যে ইউপিআই-এর মাধ্যমে টাকা নেয়।’ শুনে বেশ ভয় পেয়ে যান অভিনেত্রী।
তারপর করণ বলেন, চলো খোঁজা শুরু করা যাক, শুরু হোক ‘কল মি বে’। এরপর রকেট উড়ে যায় অনন্যাকে নিয়ে, উড়ে এসে পড়ে ‘কল মি বে’-এর সেটে। একেবারে অন্য সাজে, নানা কাজ করতে শুরু করে।
সূত্র: হিন্দুস্তান টাইমস