স্বর্ণপাম পাওয়া প্রখ্যাত ফরাসি অভিনেতা মারা গেছেন

ফরাসি চলচ্চিত্রের সোনালি সময়ের প্রখ্যাত অভিনেতা আলাঁ দ্যুলো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। সাম্প্রতিক সময়ে গুণী এই অভিনেতার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছিল। 

এক বিবৃতিতে আলাঁ দুলোর পরিবার থেকে বলা হয়েছে, ‘ফ্রান্সের প্যারিসে দ্যুশি এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার তিন সন্তান আলাঁ ফাবিয়েন, আনুশকা ও অ্যান্থনি পাশেই ছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় বলেন, ‘স্মরণীয় কিছু চরিত্রে অভিনয় করে বিশ্বকে স্বপ্ন দেখিয়েছেন আলাঁ দুলো। তিনি ছিলেন একটি ফরাসি স্মৃতিস্তম্ভ।’

প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দো শোক প্রকাশ করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আলাঁ দুলো ফ্রান্সের মর্যাদাপূর্ণ সিনেমার সেরা প্রতিনিধিত্বকারী ছিলেন। তার শূন্যতা কেউই পূরণ করতে পারবে না। আমি একজন বন্ধু ও একজন অংশীদার হারালাম।’

২০১৯ সালে কান উৎসবে আলাঁ দ্যুলো১৯৩৫ সালের ৮ নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন আলাঁ দ্যুলো।বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় ৯০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার দর্শকপ্রিয় চলচ্চিত্রের তালিকায় আছে ‘দ্য সামুরাই’, ‘বরসালিনো’, ‘দ্য লেওপার্ড’ (১৯৬৩), ‘রোকো অ্যান্ড হিজ ব্রাদার্স’ (১৯৬০) প্রভৃতি। 

সর্বশেষ ২০১৯ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণের জন্য জনসম্মুখে এসেছিলেন আলাঁ দুলো। সেই অনুষ্ঠানে বড় পর্দাকে বিদায় জানান তিনি। আর ১৮ আগস্ট পৃথিবীকে চিরবিদায় জানালেন এই তারকা।