আর মাত্র দুই অ্যালবাম, তারপর অবসরে ‘কোল্ডপ্লে’!

মার্কিন ব্যান্ড লিংকিন পার্ক-এর মঞ্চে ফেরা এবং ‘ফ্রম জিরো’ ট্যুর থেকে নতুন ভোকালের মুগ্ধতায় ভেসে গেছে গত কয়েক সপ্তাহ। এবার সেটি ছাপিয়ে সামনে চলে এলো ব্রিটিশ ব্যান্ড ক্লোডপ্লে। জানুয়ারিতে ব্যান্ডটির মুম্বাই সফর ঘিরে আগে থেকেই এশিয়া অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন সংযোজন তাদের ১০ অ্যালবাম।

‘মুন মিউজিক’ নামের এই অ্যালবামটি মুক্তি পেয়েছে আজই (৪ অক্টোবর)। তবে মুক্তির খবরের সঙ্গে এলো মন খারাপের বার্তাও। কোল্ডপ্লে প্রধান ক্রিস মার্টিন অ্যাপল মিউজিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবেন তারা।

অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, ‘আমরা ১২টি অ্যালবাম পর্যন্তই যেতে চােই। অবশ্য আমাদের সমালোচকদের জন্য সংখ্যাটা আরও কম হলে ভালো হতো! সেই ভাবনা থেকে হলেও আমাদের একটা সীমাবদ্ধতার মাঝে থাকা গুরুত্বপূর্ণ।’

এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে ব্যান্ড দ্য বিটলস ও বব মার্লেকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান ক্রিস মার্টিন। তিনি বলেন, ‘বিটলস’ প্রায় ১২টি অ্যালবাম করেছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা। সেই সূত্রে, কোল্ডপ্লে-ও গানের মান রক্ষার কথা ভেবে একই রেখায় নিজেদের দাঁড় করাতে চাইছে।  

তবে ব্যান্ড হিসেবে ১৩ নম্বর অ্যালবাম না করলেও সদস্যরা এককভাবে নতুন গান প্রকাশ করে যাবেন। সেটিও জানান মার্টিন।

কোল্ডপ্লেবলা দরকার, কোল্ডপ্লে ভারতের মুম্বাইয়ে সফর করতে যাচ্ছে জানুয়ারিতে। ১৮, ১৯ ও ২১ জানুয়ারি তারা মুম্বাই মাতাবে তিনটি কনসার্টে। যার টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে সোল্ডআউট। যে টিকিটের প্রতিটির মূল্য ৯ লাখ রুপির মতো! যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে মুম্বাই পুলিশ ও টিকিট বিক্রেতা বুকমাইশো-এর মধ্যে। কারণ, টিকিটের দাফতরিক মূল্য নির্ধারিত ছিলো ২৫ শত থেকে ১২ হাজার রুপি পর্যন্ত। কিন্তু অনলাইন থেকে না পেয়ে সেই টিকিটই কালোবাজার থেকে কিনতে হয়েছে আগ্রহীদের। যেখানে কয়েক হাত বদলের পর প্রতি টিকিটের মূল্য ৯ লাখ টাকা পর্যন্ত উঠেছে। এবং সেটি জানুয়ারি পর্যন্ত হাত বদল হতে হতে আরও কতো বাড়ে, সেটি নিয়েই চলছে এখন গবেষণা।   

সূত্র: দ্য টেলিগ্রাফ ও বিবিসি