টানা ২৮ বছর পর কলকাতা বই মেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশের নাম ও স্টল। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে গত বছর অন্তত ৭০টি বাংলাদেশের স্টল থাকলেও এবার নেই একটিও!
এ নিয়ে দুই বাংলায় তুমুল সমালোচনা চলছে এখনও।
এরমধ্যেই যুক্ত হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ)। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যেখানে বিশ্বের ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পেয়েছে। অথচ তাতে থাকছে না বাংলাদেশের একটি ছবিও!
শুক্রবার (২৯ নভেম্বর) নন্দনের শিশির মঞ্চে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
মূলত রাজনৈতিক পট পরিবর্তন এবং দুই দেশের ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।
সংবাদ সংস্থা পিটিআইকে সম্প্রতি পশ্চিমবঙ্গের এই নির্মাতা আরও বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনও সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।’
এবার শুধু সিনেমাই নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় আলোচকের তালিকাতেও বাংলাদেশের কোনও শিল্পী বা নির্মাতাকে রাখা হয়নি।
এদিকে এবারের উৎসবের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।