শেষ মুহূর্তে অনেকটাই আবেগঘন মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ দর্শকদের প্রতি দারুণ এক বার্তা পাঠান অভিনেত্রী। জানান দেন, রাত পোহালেই তার জীবনের অন্যতম কাঙ্ক্ষিত দিন আসছে। যে দিনের অপেক্ষায় গত ১৪টি বছর সাধনা চালিয়েছেন ছোট পর্দার হয়ে।
শুক্রবার (১০ ডিসেম্বর) দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। শুটিং বিচারে এটি তার দ্বিতীয় হলেও মুক্তির হিসাবে এটি তার জীবনের প্রথম। তাই বড় ক্যানভাসে নিজেকে দেখানোর আবেগটাও বাড়তি।
মেহজাবীন সেই আবেগ নিয়ে বললেন, ‘আগামীকাল (২০ ডিসেম্বর) আমার জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে। যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেই দিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।’
অভিনেত্রী মনে করেন, এই মানুষগুলোই তাকে গড়ে তুলেছেন তিল তিল করে। বলেন, ‘‘আপনারা সবাই মিলে আমাকে আজকের আমি বানিয়েছেন। এবং আগামীকাল (২০ ডিসেম্বর) আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অধ্যায়ের সূচনা হবে। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আবারও আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র জন্য দোয়া কামনা করছি। আমি সবসময় আপনাদের পাশে পেয়েছি এবং আশা করি এই নতুন অধ্যায়েও আপনাদের আমার পাশে পাবো।’
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পুরস্কার না পেলেও পেয়েছে প্রশংসা।