হলিউড সুপারস্টার আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত সাড়া জাগানো ‘টার্মিনেটর’ সিরিজের সর্বশেষ ছবি ‘টার্মিনেটর জেনেসিস’ খুব একটা সাড়া না ফেলায় অনেকেই ষষ্ঠ ছবির ভাগ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে মোটেও আশা ছাড়তে রাজি নন শোয়ার্জনেগার।
সম্প্রতি এস শোবিজকে দেওয়া সাক্ষাৎকারে শোয়ার্জনেগার বলেন, ‘অবশ্যই আমি ছবির পরবর্তী কিস্তির জন্য অত্যন্ত আগ্রহ সহকারে অপেক্ষা করছি।’
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর জেনেসিস’ সিনেমায় শোয়ার্জনেগার ছাড়াও অভিনয় করেন জেসন ক্লার্ক ও এমিলিয়া ক্লার্ক। ব্যয়বহুল এ ছবিটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। নর্থ আমেরিকার বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলারেরও কম আয় হয়েছে ছবিটির। অবশ্য যুক্তরাষ্ট্রের বাইরে চীনসহ বেশ কয়েকটি দেশে ছবিটি সাফল্য পায়।
৫ম ছবির ব্যর্থতার পর টার্মিনেটর ভক্তরা আশঙ্কা করছিলেন নতুন কিস্তি হয়তো বের হবে না। তবে শোয়ার্জনেগারের এ বক্তব্যে ভক্তরা হয়তো আবারও আশা ফিরে পাবেন।
সূত্র: এনডিটিভি
/এফইউ/এমএম/